নতুন দিনের গল্প শোনো- বইটির নাম বলতেই মনে হল যেন জোছনা রাতে উঠোনে পাটি বিছিয়ে প্রিয় দাদির মুখের একটি মিষ্টি ডাক।যে ডাকের অপেক্ষা আর প্রতীক্ষায় কেটেছে আমাদের মধুর শৈশব।লেখক যেন ক্ষণিকের জন্য আমাদেরকে গল্পের শিশু বানিয়ে গল্পের দাদু বনে গেলেন।অসংখ্য রাতজাগা চোখ অার ঘুমহারা আকুল মন নিয়ে চিরকালের পাঠক শিশুরা নকীব মাহমুদের দিকে তাকিয়ে আছে।যিনি একে একে ষোলটি গল্প বলে যাচ্ছেন।থেমে থেমে ধমক দিচ্ছেন এই তোমরা-নতুন দিনের গল্প শোনো।
নতুন দিনের গল্প শোনো--গ্রন্থটি পাঠককে নতুন কিছু দিবে।শেকড়সন্ধানী লেখক আব্দুল আজিজ আল আমানের রৌদ্রময় ভূখণ্ড কিবা আমাদের চেতনার লেখক শরীফ মুহাম্মদের -সবুজ গম্বুজের ছায়া-র মতো কিছু একটি উপলব্ধি করবেন বলেই আমাদের বিশ্বাস।আপনার ছোটো ভাই এবং সন্তানের হাতে নির্ভয়ে বইটি তুলে দিতে পারেন।কারণ বইটিতে কোনো বিষ নেই।আছে নবীযুগের সোনালী দিনের কিছু গল্প।যাকে লেখক নতুন দিনের গল্প বলে আমাদের পড়ার টেবিলে পেশ করেছেন।আমরা এখানে একজন নকীব মাহমুদকে ঐতিহ্যাশ্রয়ী চেতনার ধারক বলতে কুণ্ঠিত হব না।ভিন্ন ধারায় পড়ালেখা করেও তিনি শাশ্বত চিন্তা আর মুহাম্মদী আদর্শকে ছুঁড়ে দেননি।আগলে নিয়েছেন বুকে।আর সেই বুক থেকে বিশ্বাসের আশ্বাস পেয়ে সেকালের কাহিনী অবলম্বনে একালের মিশ্রন দিয়ে রচনা করেছেন নতুন দিনের গল্প শোনো।আছে আরো অনেক গল্প।১৬ টি গল্প।নতুন ধারার।ভিন্ন স্বাদের।অন্য আমেজের।
বইয়ের প্রতিটি গল্পই সত্য।বস্তুনিষ্ঠ।আদর্শের ধারক।বিশ্বাসের বাহক।শাশ্বতের পতাকাবাহী।চিন্তার প্রচারক।চেতনার বার্তাবাহী।বেঁচে থাকার অবলম্বন।হাসি আনন্দের অফুরন্ত ঝরনা।সুন্দর থেকে সুন্দরতর প্রতিটি গল্পের কাঠামো,অবয়ব।মানবতার মুক্তির দূত রাসুলে আরাবী সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামের একান্ত কাছের মানুষদের জীবন,তাদের কথা,তাদের সুখ দুঃখ,হাসি কান্নার বিমুগ্ধ ছবি একেঁছেন শব্দের পটে।বাক্যের দ্যোতনায়।বর্ণিল উপমার হাতছানিতে।বলাই বাহুল্য ইতিহাসের অতিপরিচিত এই গল্পগুলোই নতুন শব্দে নতুন বাক্যে এবং নতুন ভাব ও ভাবনায় শুনিয়েছেন এই সয়ের শিশু কিশোরদের।বইটির সবগুলো গল্পকে দুটো শিরোনামে ভাগ করা যায়।প্রথমত,অন্ধকার জীবন থেকে ফিরে এসে সাহাবায়ে কেরামের আলোকিত জীবনে প্রত্যাবর্তন।একটি চির মিথ্যাকে পিছে ফেলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ,সেসব সাহাবাদের জীবনালেখ্য।দ্বিতীয়ত,যুগে যুগে ইতিহাসের পাতায় নবীপ্রেমিকরা তাদের স্বপ্নের পুরুষ মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসার যে অভূতপূর্ব দৃষ্টান্ত পেশ করেছেন তা।উদ্দেশ্য,আগামী পৃথিবী জানুক মুসলমানরা ভালোবেসে তাদের নবীর জন্য জীবন বিলাতে কুণ্ঠিত হয় না।
প্রতিটি গল্পই শুরু হয়েছে চমৎকারভাবে।যেন রূপকথার গল্প বলার আগে দাদি তার নাতি নাতকরদেরকে কিছু গুরু গম্ভীর বাণী শুনিয়ে একটি চমক তৈরির সার্থক চেষ্টা করছেন।চাদরের কবি গল্পের শুরুটা দেখা যাক,"মাথার উপর প্রচণ্ড রোদ।সূর্যটা তেতে আছে ভীষণভাবে।পা আঁকড়ে ধরেছে উত্তপ্ত বালুকণা।এক পা হাঁটলে দু পা দাঁড়িয়ে যেতে হয় ক্রমেই সূর্যটা আরো তেজোদীপ্ত হয়ে হুংকার ছাড়ছে।আজ সবক'টাকে পুড়িয়ে মারবো।জ্বালিয়ে দেবো সবটাকে।,,,,দাঁড়ান আরেকটা গল্প দেখাচ্ছি।কোনটা রেখে কোনটা দেখাব।আচ্ছা হৃদয়ের মেহমান গল্পের শুরুটা দেখেন,"রাত তখন গভীর।মক্কার আকাশে জ্বলজ্বল করছে লক্ষ তারা।পুরো শহর গভীর ঘুমে নিমগ্ন।ঠিক তখনই তিনি ঘর থেকে বেরিয়ে নেমে আসেন রাস্তায়।এগিয়ে যান চুপিচুপি।নিঃশব্দে।বার বার পেছনে ফিরে তাকান।হায় মাতৃভূমি।কষ্টে বুকটা ফেটে যায়।"এভাবেই প্রতিটি গল্পের শুরু।পাঠকের হৃদয়ে একটা ঘোর একটা আবহ তৈরি করতে লেখক এই প্রয়াস নিয়েছেন।
বইটির অলঙ্কার বইটিকে আরো বহুগুণে আকর্ষণীয় করে তুলেছে।
হলুদ রঙা তকতকেপাতা শ্রী বৃদ্ধি করেছে আরো আরো।প্রচ্ছদের নান্দনিকতা পাঠকের লোভ বাড়াবে বৈ কি।প্রচ্ছদশিল্পী কাজী যুবাইর মাহমুদ আমাদেরকে বরাবরই মুগ্ধ করছে।তার আস্থার প্রতিদান পেয়ে আসছি প্রতিনিয়তি।তাকে সাধুবাদ জানাচ্ছি।বইটি প্রকাশ করেছে শব্দকোলাজ প্রকাশনী।গায়ের মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।।মাকতাবাতুল আযহার ও ইসলামসহ দেশের অভিজাত লাইব্রেরিতে মিলবে।বইটির বহুলপ্রচার কামনা করছি।সেই সাথে অফুরান ভালোবাসা ও শুভকামনা রইল লেখকের জন্য।
-Sajjadur Rahman Saju