শিক্ষা জাতির মেরুদণ্ড। এ শিক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পৃথিবীর বুকে দু'টি ধারা। (১) আধুনিক পাশ্চাত্য শিক্ষা তথা মানব রচিত জ্ঞান-বিজ্ঞান। (২) ধর্মীয় শিক্ষা বা মাদরাসা শিক্ষা। তাই সমগ্র দেশের শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো দু'টি শ্রেণীতে বিভক্ত। আধুনিক ও ধর্মীয়। অপরদিকে বাংলাদেশের ধর্মীয় শিক্ষা তথা মাদরাসা শিক্ষায়ও দু'টি ধারা চলে আসছে। ফলে দেশের সমস্ত মাদরাসা দু'টি শ্রেণীতে বিভক্ত।
এক শ্রেণীর মাদরাসা সরকার নিয়ন্ত্রিত 'বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড' এর তত্ত্বাবধানে পরিচালিত। এ মাদরসাগুলো সরকারী পাঠ্যসূচি অনুসরণ করে এবং সরকারী অনুদান ও সরকারী সাহায্যে পরিচালিত হয়ে থাকে। অপর শ্রেণীর মাদরাসাগুলো দীনী শিক্ষা অব্যাহত রাখার লক্ষ্যে স্বতন্ত্র পাঠ্যসূচি ও কর্মসূচি অনুসরণে এগিয়ে চলছে।