আল কুরআন দাওয়াত ও প্রশিক্ষণকে সার্বজনীন করে উপস্থাপন করার প্রচেষ্টা অত্যন্ত মহৎ ও সৌভাগ্যের কাজ। যুগে যুগে বহু ওলামায়ে কেরাম এ প্রচেষ্টা করে গেছেন।
আমার এ গ্রন্থখানা ইল্ম ও মর্যাদার তাদের সেই খেদমতের ধারে কাছেও পেীছুতে পারবে না। তবু আমার সান্ত্বনা একটিই, তা হচ্ছে এ গ্রন্থখানা কুরআনের বিশেষ কিছু অংশের সন্নিবেশিত একটি রূপ। যা মানুষকে আল কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধিতে সহযোগিতা করবে। সাথে আমাকে যেন মহান গরিয়ান ও সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামীন আল কুরআনের নগণ্য এক খাদেম হিসেবে কবুল করে নেন। --আমীন।
আল কুরআন মানব সমাজের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ জীবনব্যবস্থা এবং যাবতীয় সমস্যার সমাধান ক্ষেত্র। তা একদিকে যেমন পার্থিব কল্যাণের আকর অন্যদিকে পরকালিন মুক্তি ও সৌভাগ্যের চাবিকাঠি। মানুষের মধ্যে এমন কোন ব্যক্তি বা সম্প্রদায় নেই যার সমস্যার সমাধান আল কুরআন দিতে পারে না।
‘আল কুরআনের শিক্ষা’র মধ্যে সেইসব সমস্যার সমাধান ও প্রয়োজনীয় হিদায়াত সম্বলিত আয়াতগুলো সাজিয়ে-গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। নির্দিষ্ট শিরোনামের নিচে সংশ্লিষ্ট আয়াতগুলোকে একত্রিত করা হয়েছে এবং তা সহজে বুঝানোর লক্ষ্যে নিম্নোক্ত পদ্ধতিসমূহ অবলম্বন করা হয়েছে।
সহজ ও সরল অনুবাদ।
প্রয়োজনীয় সংক্ষিপ্ত ব্যাখ্যা।
কোথাও কোথাও ব্যাখ্যাটিকে আরো সুস্পষ্ট করার জন্য হাদীসে রাসূল আনা হয়ছে।
ভাষার দুর্বোধ্যতা পরিহার করে সহজ-সরল ভাষা ব্যবহার করা হয়েছে।
ফিক্হী ও ইল্মী বিতর্ককে এড়িয়ে চলা হয়েছে।
কুরআনের আয়াতের ব্যাখ্যা আল কুরআনের আয়াত দিয়েই করার প্রচেষ্টা করা হয়েছে।